কুলদা রায় ১৭৫৭ সালের মার্চ। প্যারিসের একটি জনাকীর্ণ চত্বরে রবার্ট-ফ্রাঁসোয়া দ্যামিয়াঁ নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হচ্ছে। তিনি ফ্রান্সের রাজা পঞ্চদশ লুইকে হত্যার চেষ্টা করেছিলেন। জনতার সামনে তাঁর শরীর ক্ষতবিক্ষত করা হচ্ছে, পোড়ানো হচ্ছে। শেষে ঘোড়া দিয়ে টেনে তাঁর শরীর ছিন্ন করার চেষ্টা চলছে। কেউ আতঙ্কিত, কেউ কৌতূহলী, কেউ উত্তেজিত। দ্যামিয়াঁকে এভাবে শাস্তি দিয়ে রাজা সবাইকে দেখাচ্ছেন, তাঁর ক্ষমতা কত দূর যেতে পারে।
মিশেল ফুকো (Michel Foucault) তাঁর Discipline and Punish বইয়ের শুরুতে এই ঘটনার বিবরণ দেন। তারপর প্রায় আশি বছর পরের একটি কারাগারের সময়সূচি তুলে ধরেন। বন্দিরা কখন ঘুম থেকে উঠবে, কখন কাজ করবে, কখন খাবে, কখন প্রার্থনা করবে, কখন বিশ্রাম নেবে, কখন চুপ করে থাকবে, সবই ঠিক করা।
প্রকাশ্য নির্যাতনের পাশে কারাগারের এই সময়সূচি রাখলে মনে হয়, শাস্তির পদ্ধতি আগের চেয়ে মানবিক হয়েছে। ফুকো এখানেই প্রশ্ন তোলেন। শাস্তির ধরন বদলানোর সঙ্গে সঙ্গে ক্ষমতা প্রয়োগের ধরনও কি বদলেছে?
দ্যামিয়াঁর শাস্তি কেন সবার সামনে দেওয়া হয়েছিল? জনতা যাতে দেখতে পায়, রাজার বিরুদ্ধে গেলে কী হতে পারে। কারাগারে শাস্তি চলে দেয়ালের ভেতর, দিনের পর দিন। বন্দি চলাফেরার স্বাধীনতা হারায়। তার দিন কীভাবে কাটবে, তা ঠিক করে দেয় কারাগার। তার আচরণের ওপর নজর রাখা হয়, তাকে নিয়ম মেনে চলতে শেখানো হয়। এভাবেই শাস্তির মধ্য দিয়ে বন্দির প্রতিদিনের জীবনও নিয়ন্ত্রণ করা হয়।
ফুকো এবার আমাদের নজর ফেরান রোজকার জীবনের দিকে। যে নিয়মগুলোকে আমরা স্বাভাবিক বলে ধরে নিই, সেগুলোর মধ্য দিয়েও ক্ষমতা কাজ করে। নানা প্রতিষ্ঠানে ঠিক করা হয়, কে কখন কী করবে আর কার কাজ কীভাবে বিচার করা হবে। দিনের পর দিন এসব নিয়ম মানতে মানতে অনেক কিছুই আমাদের অভ্যাস হয়ে যায়।
স্কুলের কথাই ধরা যাক। ঘণ্টা বাজলে ছাত্ররা শ্রেণিকক্ষে ঢোকে, নির্দিষ্ট জায়গায় বসে। কারখানায় শ্রমিক কখন কাজে আসেন আর কতক্ষণ বিরতি নেন, তার হিসাব রাখা হয়। তাঁর কাজের গতি ও উৎপাদনের পরিমাণও মাপা হয়। সেনাবাহিনীতে সৈনিকেরা কীভাবে দাঁড়াবেন, হাঁটবেন বা ঘুরবেন, তা বারবার অনুশীলন করেন। হাসপাতালে রোগীর ওজন, রক্তচাপ ও পরীক্ষার ফল নথিতে লেখা হয়। অফিসে কর্মীর হাজিরা ও কাজের হিসাব দেখে পরে তাঁর কাজের মূল্যায়ন করা হয়।
এসব প্রতিষ্ঠানের উদ্দেশ্য আলাদা। তবে ফুকো দেখলেন, মানুষকে নির্দিষ্ট জায়গায় রাখা, সময় ভাগ করে দেওয়া, একই কাজ বারবার করিয়ে অভ্যাস গড়ে তোলা এবং একজনের কাজের সঙ্গে আরেকজনের কাজ মিলিয়ে দেখার মতো পদ্ধতি নানা প্রতিষ্ঠানেই চালু আছে। এভাবে মানুষের কাজ ও আচরণ গড়ে তোলার ক্ষমতাকে তিনি বলেছেন শৃঙ্খলামূলক ক্ষমতা (Disciplinary Power)।
এই শৃঙ্খলার মধ্যে মানুষ দক্ষ হয়ে ওঠে, সেই দক্ষতা কাজে লাগানোর নিয়মও শেখে। একজন সৈনিক প্রশিক্ষণে শক্তি ও দক্ষতা অর্জন করেন। কখন কীভাবে সেই দক্ষতা কাজে লাগাবেন, তা ঠিক হয় সেনা কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী। কারখানায় একজন শ্রমিক দ্রুত কাজ করতে শেখেন। কাজের সময় আর গতি ঠিক করে কারখানার কর্তৃপক্ষ। স্কুলেও একজন ছাত্র কী শিখবে এবং তার শেখার অগ্রগতি কীভাবে মাপা হবে, তা ঠিক হয় পাঠ্যক্রম আর পরীক্ষার নিয়ম অনুযায়ী।
প্রশিক্ষণে শরীরের সামর্থ্য বাড়ে। প্রতিষ্ঠান সেই সামর্থ্য নিজের নিয়মে কাজে লাগায়। এমন শরীরকে ফুকো বলেছেন অনুগত শরীর (Docile Body)।
কেউ দেখছে কি না, তা বোঝা না গেলেও নজরে পড়ার সম্ভাবনা মানুষের আচরণ বদলে দিতে পারে। ফুকো প্যানঅপ্টিকনের (Panopticon) উদাহরণ দিয়ে এই কথাটা বোঝান।
ইংরেজ চিন্তক জেরেমি বেন্থাম (Jeremy Bentham) এমন একটি কারাগারের নকশা করেছিলেন, যার মাঝখানে থাকবে পাহারার টাওয়ার। চারপাশে থাকবে বন্দিদের আলাদা আলাদা কক্ষ। টাওয়ার থেকে পাহারাদার বন্দিদের দেখতে পারবেন। বন্দিরা বুঝতে পারবে না, টাওয়ারে তখন কেউ আছে কি না।
বন্দি শুধু জানে, যেকোনো সময় তাকে দেখা হতে পারে। সে কথা মাথায় রেখেই সে নিয়ম মেনে চলার চেষ্টা করে। পাহারাদারকে সারাক্ষণ তার দিকে তাকিয়ে থাকতে হয় না। একসময় বন্দি নিজের মধ্যেই পাহারাদারকে বসিয়ে নেয়।
অফিসেও এর কিছুটা দেখা যায়। কোনো কর্মকর্তা সারাক্ষণ একজন কর্মীর পাশে দাঁড়িয়ে থাকেন না। তবু কর্মী জানেন, তিনি কখন কাজে এসেছেন, তার হিসাব থাকছে। পরে তাঁর কাজের মূল্যায়ন হবে। স্কুলে শিক্ষক প্রতি মুহূর্তে তাকিয়ে না থাকলেও একটি শিশু শিখে যায় কখন কথা বলা যায়, কখন চুপ করে বসে থাকতে হয়। এভাবে মানুষ নিজের আচরণের দিকে নিজেই নজর রাখতে শেখে।
আজকের ডিজিটাল জীবনেও এই অভিজ্ঞতা আছে। আমরা অনলাইনে কী খুঁজি, কী কিনি বা কার সঙ্গে যোগাযোগ করি, তার কিছু তথ্য জমা থাকতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লেখার আগে অনেকেই ভাবেন, লেখাটা কার চোখে পড়বে। কাজের জায়গায় এ নিয়ে কোনো সমস্যা হবে কি না, পুরোনো কোনো মন্তব্য পরে আবার সামনে আসবে কি না, সে কথাও তাঁরা ভাবেন। কে দেখবে, সেই ভাবনা থেকেই অনেক সময় মানুষ নিজের ভাষা বদলায়।
অনলাইনে আমাদের আচরণের হিসাব আরেক কাজেও লাগে। আমরা আগে কী দেখেছি বা খুঁজেছি, তার ভিত্তিতে অ্যালগরিদম কিছু পোস্ট, ভিডিও বা বিজ্ঞাপন আমাদের সামনে বেশি করে তুলে ধরে। কোন পোস্ট বেশি করে সামনে আসছে, তার ওপর আমাদের মনোযোগও নির্ভর করে। আজকের এই উদাহরণগুলোতে ফুকোর প্রশ্নটি নতুন করে করা যায়। সরাসরি আদেশ ছাড়াও কীভাবে মানুষের আচরণ বদলে যায়?
আমরা সাধারণত আদেশ দেওয়াকে ক্ষমতার কাজ ভাবি, আর সত্য খুঁজে বের করাকে জ্ঞানের কাজ। ফুকো দেখিয়েছেন, ক্ষমতা ও জ্ঞান (Power/Knowledge) একে অন্যের সঙ্গে জড়িয়ে থাকে। একজন ছাত্র কী শিখেছে, সে বিষয়ে শিক্ষকের মূল্যায়ন গুরুত্ব পায়। একজন রোগীর কী অসুখ হয়েছে, সে বিষয়ে চিকিৎসকের মত নথিতে লেখা হয়। এসব মূল্যায়নের ভিত্তিতে ঠিক করা হতে পারে, ছাত্রটির বাড়তি সাহায্য দরকার কি না কিংবা রোগীর কী চিকিৎসা হবে। ফুকোর প্রশ্ন ছিল, একজন মানুষ সম্পর্কে কার কথাকে সত্য বলে ধরা হয়? আর সেই কথার ভিত্তিতে তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেন কে?
স্কুলের পরীক্ষার দিকে তাকালে এই সম্পর্কের আরেকটা দিক দেখা যায়। স্কুলই ঠিক করে কী পরীক্ষা নেওয়া হবে, কোন উত্তরে কত নম্বর দেওয়া হবে, আর নম্বরের পাশাপাশি কোন তথ্য লিখে রাখা হবে। উপস্থিতি, আচরণ ও কাজের হিসাবও নথিতে জমা হয়। এসব দেখে স্কুলে একজন ছাত্রকে ‘মেধাবী’, ‘দুর্বল’ বা ‘অমনোযোগী’ বলে চিহ্নিত করা হতে পারে।
শিক্ষক ধীরে ধীরে তাকে সেভাবেই দেখতে শুরু করতে পারেন। বাড়ির লোকের মনেও তার সম্পর্কে একই ধারণা তৈরি হতে পারে। একসময় ছাত্রটিও বলতে শুরু করে, ‘আমি গণিতে দুর্বল। আমার দ্বারা হবে না।’ অন্যরা তাকে যেভাবে দেখে, একসময় সে নিজেকেও সেভাবে দেখতে শুরু করতে পারে।
জন্মের পর থেকেই একজন মানুষের নানা তথ্য নথিতে উঠতে থাকে। স্কুলে তার পড়াশোনার হিসাব থাকে, হাসপাতালে থাকে চিকিৎসার তথ্য, কর্মক্ষেত্রে থাকে তার কাজের মূল্যায়ন। রাষ্ট্রের নথিতে থাকে তার পরিচয়, আয় ও নাগরিকত্বের তথ্য। জীবনের নানা দিক এভাবে ফাইল, সংখ্যা আর প্রতিবেদনে জমা হতে থাকে।
পুরোনো নথি দেখে একজন মানুষকে নিয়ে নতুন সিদ্ধান্তও নেওয়া হয়। চাকরিতে একবার খারাপ মূল্যায়ন পেলে পরে পদোন্নতির সুযোগ কমে যেতে পারে। এমনকি শাস্তি শেষ হওয়ার পরও পুরোনো অপরাধের নথি দেখে মানুষটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
নথির তথ্য দিয়ে যখন মানুষকে বিচার করা হয়, তখন প্রশ্ন ওঠে, তাকে কোন মানদণ্ডে মাপা হচ্ছে? পরীক্ষার নম্বরের কথাই ধরা যাক। নম্বর দেখে যখন ঠিক করা হয় কাকে ‘ভালো ছাত্র’ বলা হবে, তখন সেই নম্বর একটা মানদণ্ড হয়ে দাঁড়ায়। স্কুলের বিচারে কোনো ছাত্র পিছিয়ে থাকলে তাকে বাড়তি অনুশীলন করানো হতে পারে, আবার পরীক্ষাও নেওয়া হতে পারে। একটা মানদণ্ড ধরে মানুষের আচরণ বিচার করা হয়। তারপর সেই মানদণ্ডের সঙ্গে মিলিয়ে তার আচরণ বদলানোর চেষ্টা চলে। এই প্রক্রিয়াকে ফুকো বলেছেন স্বাভাবিকীকরণ (Normalization)।
আইন বলে দেয় কোন কাজ নিষিদ্ধ। স্বাভাবিকীকরণের ক্ষেত্রে প্রশ্ন ওঠে, একজন গ্রহণযোগ্য মানুষ কেমন হবে? কোন বয়সে শিশুর কতটা শেখা স্বাভাবিক? একজন কর্মীর কাছ থেকে কতটা কাজ আশা করা যায়? কত ওজনকে স্বাস্থ্যকর ধরা হয়? এসব প্রশ্নের উত্তর থেকে ভালো ছাত্র, দক্ষ কর্মী বা সুস্থ শরীরের একটা ছবি তৈরি হয়। অন্যদের কাছে গ্রহণযোগ্য হতে মানুষ অনেক সময় নিজেকে সেই ছবির মতো করে গড়ে তোলার চেষ্টা করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের সঙ্গে নিজের তুলনা করার প্রবণতা আরও বাড়তে পারে। আমরা দেখি কোন ধরনের চেহারা বেশি প্রশংসা পাচ্ছে, কার মত বেশি ছড়িয়ে পড়ছে, কাদের জীবনকে সফল বলে মনে করা হচ্ছে। লাইক, অনুসারীর সংখ্যা বা রেটিং থেকেও জনপ্রিয়তার একটা হিসাব পাই। এসব দেখে বুঝতে শিখি, নিজেকে কীভাবে তুলে ধরলে অন্যের স্বীকৃতি পাওয়া সহজ হয়।
সমাজ কাকে ‘স্বাভাবিক’ বলে, কাকে ‘অস্বাভাবিক’ বলে? এভাবে কাউকে চিহ্নিত করার অধিকার কার হাতে? উন্মাদনা ও যৌনতার ইতিহাস নিয়ে কাজ করতে গিয়ে ফুকো এই প্রশ্নগুলোও তুলেছেন।
কোন আচরণকে ‘উন্মাদনা’ বলা হবে, সে ধারণা ইউরোপে সময়ের সঙ্গে বদলেছে। উন্মাদনার ইতিহাস-এ ফুকো দেখিয়েছেন, একসময় যাঁদের ‘উন্মাদ’ বলা হতো, তাঁদের অনেককে দরিদ্র ও ভবঘুরে মানুষের সঙ্গে একই প্রতিষ্ঠানে আটকে রাখা হতো। পরে মনোরোগ চিকিৎসার প্রতিষ্ঠান গড়ে উঠলে তাঁদের আচরণের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকের কথাই বেশি গুরুত্ব পেতে শুরু করে। ফুকো জানতে চেয়েছেন, এই বদলের মধ্যে যাঁকে নিয়ে এত কথা বলা হচ্ছে, তাঁর নিজের কথা কীভাবে শোনা হয়?
ধরুন, হাসপাতালে একজন বললেন, ‘এখানে থাকতে আমার ভয় করছে।’ কী কারণে তাঁর ভয় হচ্ছে, তা জানতে চাওয়া যায়। আবার তাঁর কথাটি অসুস্থতার লক্ষণ হিসেবেও নথিতে লেখা হতে পারে। কথাটা কীভাবে বোঝা হচ্ছে, তার ওপর তাঁকে নিয়ে পরের সিদ্ধান্তও বদলাতে পারে। ধরুন, হাসপাতালে একজন বললেন, ‘এখানে থাকতে আমার ভয় করছে।’ কী কারণে তাঁর ভয় হচ্ছে, তা জানতে চাওয়া যায়। আবার তাঁর কথাটি অসুস্থতার লক্ষণ হিসেবেও নথিতে লেখা হতে পারে। কথাটা কীভাবে বোঝা হচ্ছে, তার ওপর তাঁকে নিয়ে পরের সিদ্ধান্তও বদলাতে পারে। ধরুন, হাসপাতালে একজন রোগী বললেন, ‘এই ওষুধ খাওয়ার পর থেকে আমার অস্থির লাগছে।’ চিকিৎসক তাঁর কথা শুনে দেখতে পারেন, ওষুধের কারণে অস্থিরতা হচ্ছে কি না। আবার তিনি যদি ধরে নেন, এই অস্থিরতা রোগীর আগের অসুস্থতারই লক্ষণ, তাহলে ওষুধ খাওয়ার পর কী বদলেছে, সে কথাটা গুরুত্ব না-ও পেতে পারে। ফুকোর প্রশ্নটা এখানে বোঝা যায়। একজন মানুষ কী বলছেন, তাঁর কথাকে কীভাবে বোঝা হচ্ছে, আর সেই ব্যাখ্যার ভিত্তিতে তাঁর চিকিৎসা নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এই তিনটি বিষয় একে অন্যের সঙ্গে জড়িয়ে আছে।
যৌনতার ইতিহাস নিয়ে একটি পরিচিত ধারণা আছে। আগে মানুষ যৌনতা নিয়ে চুপ থাকত। পরে ধীরে ধীরে এ বিষয়ে কথা বলার স্বাধীনতা পেয়েছে। ফুকো দেখালেন, আধুনিক সমাজে চিকিৎসাবিজ্ঞান, মনোবিশ্লেষণ, পরিবার, স্কুল ও আদালতে নানাভাবে যৌনতা নিয়ে কথা হয়েছে। শিশুর আচরণ, মানুষের আকাঙ্ক্ষা, দাম্পত্য আর সন্তান নেওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছে। মানুষকে নিজের অভিজ্ঞতার কথা খুলে বলতে ও ব্যাখ্যা করতেও বলা হয়েছে। এভাবে ‘একজন মানুষ কী করেছে?’ প্রশ্নটির পাশে আরেকটি প্রশ্ন এসে দাঁড়ায়। ‘সে আসলে কী ধরনের মানুষ?’ তার আচরণের ব্যাখ্যা থেকেই তার পরিচয় ঠিক করার চেষ্টা শুরু হয়।
যৌনতা একজন মানুষের শরীর ও আচরণের বিষয়। সন্তান নেওয়া ও জন্মহারের সঙ্গেও তার যোগ আছে। এখানে ব্যক্তির শরীর আর পুরো জনসংখ্যা, দুটোই আলোচনায় আসে। ফুকো এই দুই পরিসরকে একসঙ্গে দেখেছেন জীবক্ষমতা (Biopower) ধারণায়। একদিকে প্রশিক্ষণ দিয়ে ব্যক্তির শরীরের সামর্থ্য বাড়ানো হয় এবং সেই সামর্থ্য কীভাবে কাজে লাগবে, তা ঠিক করা হয়। অন্যদিকে কত শিশু জন্ম নিচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে, মানুষ গড়ে কত বছর বাঁচছে বা কোথায় কোন রোগ ছড়াচ্ছে, তার হিসাব ধরে পুরো জনসংখ্যার জীবনযাত্রায় প্রভাব ফেলার চেষ্টা চলে।
একসময় মৃত্যুদণ্ড দেওয়ার অধিকারের মধ্য দিয়েই শাসকের ক্ষমতা সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যেত। আধুনিক রাষ্ট্র মানুষের বেঁচে থাকার নানা দিক নিয়েও কাজ করে। খাদ্য, বিশুদ্ধ পানি, আবাসন, স্বাস্থ্যবিধি, টিকাদান আর রোগ নিয়ন্ত্রণ রাষ্ট্রের কাজের অংশ হয়ে ওঠে। এসব ব্যবস্থার অনেকগুলোই মানুষের জীবন রক্ষার জন্য দরকার। ফুকোর প্রশ্ন হলো, মানুষের মঙ্গলের জন্য গড়ে ওঠা এই ব্যবস্থাগুলোর মধ্যেও ক্ষমতা কীভাবে কাজ করে?
কোন জনগোষ্ঠীর রোগের ঝুঁকি বেশি, কোথায় আগে চিকিৎসার ব্যবস্থা হবে, কে সাহায্য পাবেন, এসব সিদ্ধান্ত নিতে তথ্য লাগে। সেই তথ্য কীভাবে কাজে লাগানো হবে, কাদের ওপর বেশি নজর রাখা হবে, কোথায় বেশি সম্পদ দেওয়া হবে, সেটাও কাউকে ঠিক করতে হয়। হাসপাতাল, স্কুল কিংবা সামাজিক কল্যাণের প্রতিষ্ঠান মানুষের প্রয়োজন মেটায়। একই সঙ্গে তারা মানুষকে নানা ভাগে চিহ্নিত করে, তাদের ওপর নজর রাখে এবং অনেক ক্ষেত্রে তাদের হয়ে সিদ্ধান্ত নেয়। যত্ন আর নিয়ন্ত্রণ এভাবেই কখনো একই ব্যবস্থার মধ্যে কাজ করে।
কারখানার উদাহরণে ফিরলে কার্ল মার্কসের (Karl Marx) সঙ্গে ফুকোর চিন্তার যোগটা বোঝা যায়। মার্কস জানতে চেয়েছেন, উৎপাদনের উপায় কার হাতে, শ্রমের ফল কে পাচ্ছে, আর কীভাবে এক শ্রেণি অন্য শ্রেণির শ্রম থেকে লাভ করছে। ফুকো দেখেছেন, কাজের জায়গায় প্রতিদিনের নিয়ম কীভাবে একজন শ্রমিকের শরীর ও অভ্যাসকে গড়ে তোলে। একই কারখানায় শ্রমের ফল কে পাচ্ছে আর শ্রমিকের কাজের সময় ও গতি কে ঠিক করছে, দুটো প্রশ্নই জরুরি।
ফুকো দেখিয়েছেন, প্রতিদিনের সম্পর্কেও ক্ষমতা কাজ করে। তবে অন্যের আচরণে সবাই সমান প্রভাব ফেলতে পারে না। সামাজিক যোগাযোগমাধ্যমে আমি কী লিখব, তা আমি ঠিক করি। আমার লেখা কতজনের চোখে পড়বে, তাতে ওই মাধ্যম চালানো প্রতিষ্ঠানের বড় ভূমিকা আছে। এই ফারাক বুঝতে হলে দেখতে হয়, কার হাতে কত সম্পদ আছে, কে কিসের মালিক, সমাজে কার অবস্থান কোথায় আর রাষ্ট্রের হাতে কী কী ক্ষমতা আছে।
ফুকোর ইতিহাসচর্চা নিয়েও বিতর্ক আছে। শাস্তির পুরোনো রীতি থেকে নতুন রীতিতে বদলটা কত দ্রুত ঘটেছিল, তা নিয়ে ইতিহাসবিদ পিটার স্পিরেনবার্গ (Pieter Spierenburg) ফুকোর সঙ্গে একমত নন। নারীবাদী চিন্তক স্যান্ড্রা বার্টকি (Sandra Bartky) ফুকোর নজরদারির ধারণা কাজে লাগিয়ে দেখিয়েছেন, চেহারা, পোশাক আর চলাফেরা নিয়ে সমাজের প্রত্যাশা কীভাবে নারীদের নিজের শরীরের ওপর সারাক্ষণ নজর রাখতে শেখায়। বার্টকির মতে, নারী ও পুরুষের শরীরকে যে আলাদা নিয়মে চলতে শেখানো হয়, ফুকোর আলোচনায় সেই ফারাকটি যথেষ্ট গুরুত্ব পায়নি। ফুকো দেখিয়েছেন, ক্ষমতার সম্পর্কের ভেতরেই প্রতিরোধের সুযোগ থাকে। ন্যান্সি ফ্রেজারের (Nancy Fraser) প্রশ্ন হলো, অন্যের ওপর অন্যায় কর্তৃত্বের বিরুদ্ধে কেন দাঁড়ানো উচিত, তার ব্যাখ্যা ফুকোর বিশ্লেষণে কতটা পাওয়া যায়?
স্কুলে শিক্ষক ঠিক করতে পারেন, কখন ছাত্ররা কথা বলবে, কীভাবে তাদের কাজের মূল্যায়ন হবে। ছাত্ররাও প্রশ্ন তুলতে পারে, একটা পরীক্ষার নম্বর দিয়ে তাদের মেধা বিচার করা ঠিক হচ্ছে কি না। একজন রোগী বলতে পারেন, ‘আমি কী অনুভব করছি, সেটাও শুনুন।’ বন্দিরা কারাগারের অবস্থার বিরুদ্ধে সংগঠিত হতে পারে। এসব ক্ষেত্রেই মানুষ যে নিয়মের মধ্যে আছে, তার ভেতর থেকে কথা বলার বা নিয়মটি বদলানোর সুযোগ খুঁজে নেয়।
সমাজ যাঁদের একসময় ‘অস্বাভাবিক’ বা ‘উন্মাদ’ বলে আলাদা করেছিল, তাঁরাও একত্র হয়ে মর্যাদা ও অধিকারের দাবি তুলতে পারেন। যে ভাষায় কোনো প্রতিষ্ঠান তাঁদের বিচার করেছে, কখনো সেই ভাষাতেই তাঁরা প্রতিষ্ঠানটিকে প্রশ্ন করেন। ক্ষমতার সম্পর্কের ভেতরেই এভাবে প্রতিরোধের ভাষা তৈরি হতে পারে।
পরের দিকের লেখায় ফুকো ‘নিজের যত্ন’ (Care of the Self) নিয়ে ভাবেন। প্রাচীন গ্রিক ও রোমানদের লেখায় তিনি দেখেছেন, মানুষ নিয়মিত কিছু অনুশীলনের মধ্য দিয়ে নিজের অভ্যাস, আকাঙ্ক্ষা ও আচরণের দিকে ফিরে তাকাত। কীভাবে বাঁচবে, সে নিয়েও সচেতনভাবে ভাবত। আজকের জীবনে এর একটা সহজ উদাহরণ ধরা যাক। অন্যের প্রশংসা পাব বলে আমি সব কাজে রাজি হয়ে যাই। এই অভ্যাসটা ধরতে পারলে পরেরবার রাজি হওয়ার আগে ভাবতে পারি, কাজটা আমি নিজে করতে চাই কি না। এভাবে নিজের জীবন কীভাবে গড়ে তুলব, সে সিদ্ধান্তেও আমি অংশ নিতে পারি।
আমরা নিজেদের কীভাবে দেখি, তাতে পরিবার, স্কুল, কাজের জায়গা আর সমাজের নানা নিয়মের প্রভাব থাকে। আজ সামাজিক যোগাযোগমাধ্যমও সেই ধারণা গড়ে তুলতে ভূমিকা রাখে। শরীর কেমন হওয়া উচিত বা কী করলে নিজেকে সফল ভাবব, এসব মাপকাঠির অনেকটাই আমরা চারপাশ থেকে শিখি। নিজেকে বিচার করার এসব মাপকাঠি কোথা থেকে এসেছে, তা খেয়াল করা নিজের অভ্যাস নিয়ে কাজ করার শুরু। যে সম্পর্ক আর নিয়মের মধ্যে আমরা বেড়ে উঠেছি, তার ভেতরেই ধীরে ধীরে অন্যভাবে বাঁচার চর্চা করা যায়।
স্কুলে ছাত্র নিজের পড়ার অগ্রগতি মাপতে শেখে। অফিসে কর্মী নিজের কাজের হিসাব রাখেন। তবু স্কুলে পরীক্ষা চলতে থাকে, অফিসেও কাজের মূল্যায়ন হয়। নম্বর আর মূল্যায়নের ফল নথিতে জমা হয়। সেই হিসাব দেখে প্রতিষ্ঠান ছাত্র বা কর্মীর বিষয়ে সিদ্ধান্ত নেয়। ছাত্র আর কর্মীরাও সেই হিসাব দেখে নিজেদের কাজ বিচার করতে শেখেন। বাইরের নিয়ম এভাবেই একসময় নিজের অভ্যাসের অংশ হয়ে ওঠে।
নিয়ম অভ্যাস হয়ে গেলেও স্কুলে পরীক্ষা হয়, অফিসে কাজের মূল্যায়ন চলে। প্রতিষ্ঠান যে মাপকাঠিতে আমাদের কাজের বিচার করে, একসময় আমরাও সেই মাপকাঠিতে নিজেদের বিচার করতে শিখি।
সেদিন প্যারিসের চত্বরে রাজার ক্ষমতা সবার চোখের সামনে ছিল। আজ আমাদের অভ্যাসের মধ্যেও ক্ষমতার ছাপ টের পাওয়া যায়। যে নিয়মটা আমার স্বভাবের অংশ হয়ে গেছে, সেটা কোথা থেকে এল? আমি কি এখনও সেই নিয়ম মেনে চলতে চাই?
পরিচিতি
মিশেল ফুকো (১৯২৬–১৯৮৪) ছিলেন ফরাসি দার্শনিক, ইতিহাসবিদ ও সামাজিক তাত্ত্বিক। কারাগার, স্কুল, হাসপাতাল ও চিকিৎসাব্যবস্থার মধ্য দিয়ে ক্ষমতা কীভাবে মানুষের আচরণ ও পরিচয় গড়ে তোলে, তা তাঁর গবেষণার অন্যতম বিষয়। জ্ঞান ও প্রাতিষ্ঠানিক নিয়মের মাধ্যমে মানুষ কীভাবে নিজেকে দেখতে ও বিচার করতে শেখে, তাঁর লেখায় সে প্রশ্নও বারবার ফিরে এসেছে।
নির্বাচিত গ্রন্থ
Madness and Civilization, The Birth of the Clinic, The Order of Things, Discipline and Punish এবং The History of Sexuality।
0 Comments